র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি গঠনে বাংলাদেশের সংসদে একটি বিল পাস হয়েছে। এদিকে, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনিয়েছেন, ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
সরাসরি কভারেজ
রিপোর্টিং করছেন সজল দাস, সম্পাদনায় ফৌজিয়া সুলতানা
র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল পাস
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, বিচারবহির্ভূত হত্যা ও নির্যাতনের ব্যাপক অভিযোগ ছিল র্যাবের বিরুদ্ধে
স্পেশাল রেসপন্স
ব্যাটালিয়ন বা এসআরবি গঠনে জাতীয় সংসদে একটি বিল পাস হয়েছে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে
বিলুপ্ত হলো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব।
বৃহস্পতিবার জাতীয়
সংসদের তৃতীয় অধিবেশনে কণ্ঠভোটে এটি পাস হয়। বিলটি পাসের জন্য সংসদে প্রস্তাব উত্থাপন
করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এছাড়া, আর্মড পুলিশ
ব্যাটালিয়ন বা এপিবিএন বিল ২০২৬- স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী
কমিটির সুপারিশ আকারে জাতীয় সংসদে পাস হয়েছে।
চীনের পূর্বাঞ্চলে কার্গো জাহাজে আগুনে অন্তত ২০ জন নিহত: রাষ্ট্রীয় গণমাধ্যম
ছবির উৎস, Xinhua
ছবির ক্যাপশান, জাহাজটিতে থাকা ৪২ জনের মধ্যে ১৭ জনকে সরিয়ে নেওয়া হয়েছে
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, চীনের পূর্বাঞ্চলের একটি
বন্দরে নোঙর করা বিদেশি পতাকাবাহী একটি কার্গো জাহাজে অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত
হয়েছেন।
সিসিটিভি জানিয়েছে, জাহাজটিতে থাকা ৪২ জনের মধ্যে ১৭ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের
মধ্যে পাঁচজন হাসপাতালে ভর্তি আছেন এবং তাদের অবস্থা স্থিতিশীল।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই ঘটনায় ‘সর্বাত্মক’ অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা চালানোর
আহ্বান জানান।
স্থানীয় সময় সকাল প্রায় ১১টা ১৫ মিনিটে চিংদাও শহরের একটি জাহাজ নির্মাণ কারখানায়
রক্ষণাবেক্ষণের কাজ চলাকালে জাহাজটিতে আগুন লাগে।
সিসিটিভির তথ্য অনুযায়ী, তিন ঘণ্টার কিছু বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এক প্রত্যক্ষদর্শী এএফপি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, জাহাজটি থেকে ঘন কালো ধোঁয়া
উড়তে দেখা গেছে।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে জাহাজটিকে ‘ওশান মেলোডি’ হিসেবে শনাক্ত করা
হয়েছে। মেরিনট্রাফিক নামে একটি জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এটি ১৯০ মিটার
(৬২৩ ফুট) দীর্ঘ লাইবেরিয়ার পতাকাবাহী একটি কার্গো জাহাজ, যা ৩১শে অগাস্ট চিংদাওতে
পৌঁছেছিল।
এর প্রায় এক মাস আগে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে একটি জাহাজ কারখানায়
বিস্ফোরণের ঘটনায় একজন উদ্ধারকর্মী নিহত এবং আরও ১২ জন আহত হন।
হাম উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু
ছবির উৎস, NurPhoto via Getty Images
ছবির ক্যাপশান, হাসপাতালগুলোতে হাম আক্রান্ত রোগীর সংখ্যা এখনো কমছে না, ফাইল ছবি
হাম রোগের উপসর্গ
নিয়ে ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
ফলে, সব মিলিয়ে চলতি
বছরের ১৫ই মার্চ থেকে ১০ই সেপ্টেম্বর সকাল আটটা পর্যন্ত হাম ও এই রোগের উপসর্গ নিয়ে মোট
মৃত্যুর সংখ্যা এক হাজার ৯ জনে দাঁড়ালো।
বৃহস্পতিবার স্বাস্থ্য
অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো
হয়েছে যে, নয়ই সেপ্টেম্বর সকাল আটটা থেকে ১০ই সেপ্টেম্বর সকাল আটটা পর্যন্ত ২৪
ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে যে সাতজন মারা তাদের মধ্যে ঢাকা জেলায় সর্বোচ্চ দুই
জনের মৃত্যু হয়েছে।
এই সময়ে নতুন করে প্রায়
এক হাজার ২০০ জন রোগী হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি
হয়েছেন বলেও জানানো হয়েছে।
অধ্যাপক ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, গ্রামীণ কল্যাণের প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূস
বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণ-এর
কাছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে বৃহস্পতিবার রায় দিয়েছে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।
এ বিষয়ে আদালত এখনো পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেনি বলে জানা গেছে। তবে সংক্ষিপ্ত রায় অনুযায়ী, এনবিআর এর
যে দাবি গ্রামীণ কল্যাণ এর পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হয়েছিল সেটি খারিজ করে দিয়েছেন
হাইকোর্ট।
অর্থাৎ এ বিষয়ে কর
পরিশোধের বিষয়ে এনবিআর এর দাবিটিই বহাল থাকলো।
হাইকোর্টের এই
সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন গ্রামীণ
কল্যাণের আইনজীবীরা।
সংবাদ সম্মেলনে গ্রামীণ
কল্যাণ এর আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জানান, “এই মামলায় আজ যে রায় হয়েছে,
সংক্ষিপ্ত রায় দিয়েছেন। পূর্ণাঙ্গ রায়ের জন্য আমরা অপেক্ষা করছি। রায়ের কপি পেলে আমরা
আপিল বিভাগে লিভ টু আপিল ফাইল করবো।”
তিনি জানান,
গ্রামীণ কল্যাণ এর প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ২০২৪ সালের পর থেকে এই প্রতিষ্ঠানে আর যুক্ত নেই। এমনকি
গ্রামীণ গ্রুপেরও চেয়ারম্যান নন তিনি।
রিপাবলিকানরা মধ্যবর্তী নির্বাচনে জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকান ৫০০০ ডলার পাবে: ট্রাম্প
ছবির উৎস, Getty Images
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেলে তিনি প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে পাঁচ হাজার ডলার করে অর্থ দেওয়ার প্রস্তাব করবেন।
এই পরিকল্পনা বাস্তবায়নে এক ট্রিলিয়ন ডলারেরও বেশি ব্যয় হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদকালের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত দলের প্রথমবারের মতো জাতীয় সম্মেলনে দেওয়া এক ভাষণে তিনি এ প্রস্তাব দেন।
পরিকল্পনাটি কীভাবে বাস্তবায়িত হবে বা এর অর্থায়ন কীভাবে করা হবে, সে বিষয়ে তিনি কোনো বিস্তারিত জানাননি। শুধু বলেছেন, এই অর্থ যুক্তরাষ্ট্রের ভেতরেই ব্যয় করতে হবে।
ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই পরিকল্পনাকে ট্রাম্পের শুল্কনীতি থেকে যুক্তরাষ্ট্র সরকারের অর্জিত রাজস্বের সঙ্গে যুক্ত করেছেন।
ডেমোক্র্যাটরা এটিকে ‘ফাঁকা প্রতিশ্রুতি’ বলে আখ্যা দিয়েছে এবং অন্যরা প্রশ্ন তুলেছেন, এমন প্রতিশ্রুতি আইনগতভাবে বৈধ বা বাস্তবসম্মত কি না।
নির্বাচনী বছরে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে উৎসাহিত করার আহ্বানের প্রেক্ষাপটে, কোনো মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে আমেরিকানদের এমন অর্থ প্রদানের প্রস্তাব দেওয়ার ঘটনা সম্ভবত এটাই প্রথম।
বর্তমানে প্রায় ২৭ কোটি প্রাপ্তবয়স্ক আমেরিকান রয়েছেন। ফলে প্রত্যেককে পাঁচ হাজার ডলার করে দেওয়া হলে যুক্তরাষ্ট্র সরকারের প্রায় ১.৩ ট্রিলিয়ন ডলার ব্যয় হবে।
পরিকল্পনাটি বাস্তবায়নযোগ্য কি না, তা নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে এমন সময়ে এই প্রশ্ন উঠছে, যখন যুক্তরাষ্ট্রে পণ্যের দাম বাড়ছে, যার একটি কারণ হিসেবে ফেব্রুয়ারিতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধকে উল্লেখ করা হচ্ছে।
ভারতের বিরুদ্ধে কলকাতার ম্যাচে ব্রাজিলের কারা খেলবেন?
ছবির উৎস, Jose Breton/Pics Action/NurPhoto via Getty Images
ছবির ক্যাপশান, কলকাতায় খেলতে আসবেন ভিনিসিয়াস জুনিয়র
কলকাতার যুবভারতী স্টেডিয়ামে তেসরা অক্টোবর ভারতের বিরুদ্ধে
ফিফার বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলবে ব্রাজিল। সেখানে জাতীয় দলের পূর্ণ শক্তি নিয়েই খেলতে
চলেছে 'সাম্বা'র দেশ। বুধবার ভারতীয় সময় রাত সাড়ে ১১টা নাগাদ তারা তাদের দল
ঘোষণা করেছে।
ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, এন্দ্রিক-সহ মোট ২৬ জনের দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। সম্প্রতি শেষ
হওয়া বিশ্বকাপে খেলা ১০ জন খেলোয়াড় জায়গা পেয়েছেন সেই স্কোয়াডে।
একই দল প্রথমে
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ও পরে ভারতের বিরুদ্ধে খেলবে বলেই জানিয়েছেন ব্রাজিল কোচ।
১৯৭৭ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে
খেলে গিয়েছিলেন পেলে। সেবার অবশ্য তিনি ব্রাজিলের জাতীয় দলের হয়ে নয়, কসমস ক্লাবের হয়ে খেলতে এসেছিলেন কলকাতার মোহনবাগান ক্লাবের বিরুদ্ধে।
তবে এবারের ম্যাচটি ব্রাজিলের জাতীয় দলের সঙ্গে, তাই এই ম্যাচে কারা খেলবেন তা নিয়ে আগ্রহ ছিল ক্রীড়া প্রেমীদের
মধ্যে।
ছবির উৎস, ANI & Samir Jana/Hindustan Times via Getty Images
ছবির ক্যাপশান, সুমিত রায় (বামে) ও অভিষেক ব্যানার্জী (ডানে) - ফাইল ছবি
সিআইডির হাতে গ্রেফতার হলেন অভিষেক ব্যানার্জীর আপ্তসহায়ক সুমিত রায়। চাকরি দুর্নীতি ও জমি দুর্নীতি সংক্রান্ত দুটি মামলায় জড়িয়েছিল তার নাম। জমি দুর্নীতির মামলাটিতে গ্রেফতার করা হয়েছে তাকে।
গত অগাস্ট মাসে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করে বিশেষ রক্ষাকবচ পেয়েছিলেন মি. রায়।
তবে ১০ই সেপ্টেম্বর বৃহস্পতিবার, প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানায় যে সুমিত রায় তদন্তে যথাযথ সহযোগিতা করছেন না, তাই পূর্বে দেওয়া রক্ষাকবচ তুলে নেয় সুপ্রিম কোর্ট।
এর ফলে, সুমিত রায়কে গ্রেফতার করায় আর কোনো বাধা ছিল না। সুপ্রিম কোর্টের নির্দেশের কিছুক্ষণ পরেই পশ্চিমবঙ্গ রাজ্য সিআইডির হাতে গ্রেফতার হলেন মি. রায়।
পশ্চিম মেদিনীপুর জেলার শালবনিতে ভুয়া নথির মাধ্যমে জমি দখলের অভিযোগ রয়েছে সুমিত রায়ের বিরুদ্ধে।
সুমিত রায়ের মামলার শুনানিতে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিনিধি আইনজীবী দাবি করেছেন যে জুন মাসে ৭১ লাখ টাকা-সহ মোট ১৫ কোটি টাকা জমা হয়েছে সুমিত রায়ের অ্যাকাউন্টে।
এই অর্থের উৎস কী, তা নিয়ে তদন্তকারীরা সন্দেহ প্রকাশ করেছেন। যদিও সুমিত রায়ের আইনজীবীর দাবি, এই ঘটনায় সুমিত রায়ের যোগাযোগ নগণ্য।
এই গ্রেফতারি তখন হলো যখন অভিষেক ব্যানার্জী তার চোখের চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন।
স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন, জানালেন প্রতিমন্ত্রী
ছবির উৎস, SCREEN GRAB
ছবির ক্যাপশান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম
বাংলাদেশে স্থানীয় সরকার
নির্বাচনে কে বা কারা প্রার্থী হতে পারবেন এবং দলীয় প্রার্থী দেওয়ার ক্ষেত্রে বিএনপির
পরিকল্পনা কী, এসব বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর
শাহে আলম।
বৃহস্পতিবার
সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দলীয় নির্বাচন না হওয়ায় আইন
অনুযায়ী যোগ্য যে কেউ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন।
“সরকারের মেসেজ
খুবই পরিষ্কার। যেহেতু এটি দলীয় নির্বাচন নয়,
তাই আইন অনুযায়ী যোগ্যতা থাকা সব প্রার্থী নির্বাচনে অংশ নিতে
পারবেন। রাষ্ট্রের দায়িত্ব হবে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা,” বলেন তিনি।
এছাড়া, স্থানীয়
সরকার নির্বাচনে দেশের সব জায়গায় যেন দলের একক প্রার্থী থাকে, এই বিষয়টিও নিশ্চিত
করতে চায় বিএনপি। প্রতিমন্ত্রী জানান, দলের নীতিনির্ধারণী পর্যায় থেকে এ বিষয়ে
স্থানীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
“এখানে দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগই নাই। কারণ দলীয় মনোনয়ন
থাকছে না, দলীয় প্রতীকও থাকছে না। তবে বিএনপি যেটি সিদ্ধান্ত নিয়েছে যে, স্থানীয় বিএনপি
একটা সমর্থন দেবে,” জানান তিনি।
স্থানীয় সরকার
ব্যবস্থায় গুরুত্বপূর্ণ- ইউনিয়ন পরিষদ,
উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা
পরিষদ ও সিটি কর্পোরেশন নির্বাচন, নির্ধারিত সময়ের মধ্যে সরকার সম্পন্ন করতে চায়
বলেও জানান প্রতিমন্ত্রী।
ব্রিকসে অংশ নিতে ভারত যাচ্ছে না বাংলাদেশের কেউ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবির উৎস, BNP Media Cell
ছবির ক্যাপশান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
ভারতে আসন্ন
ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমনকি ঢাকার কোনো প্রতিনিধিও অংশ নেবেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র
প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ই সেপ্টেম্বর ব্রিকস এর ১৮তম শীর্ষ সম্মেলন
অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার ফরেন
সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য শেষে সাংবাদিকদের
প্রশ্নের জবাবে এই তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের
চেয়ারম্যান হিসেবে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছে। তাকে প্রধানমন্ত্রী হিসেবে
আমন্ত্রণ জানানো হয়নি।
“যখন পজিটিভ এনভায়রনমেন্ট
হবে, উই উইল গো অন আ বাইল্যাটেরাল ভিজিট (আমরা দ্বিপক্ষীয় সফরে যেতে পারি), এখানে
তো তাড়াহুড়ো নাই কিছু,” বলেন তিনি।
প্রধানমন্ত্রী
তারেক রহমানের ভারত সফর নিয়ে গত কিছুদিন ধরেই আলোচনা চলছে। বিশেষ করে ব্রিকস শীর্ষ
সম্মেলনে তিনি অংশ নেবেন কি না এ নিয়ে নানা প্রশ্ন ছিল।
এ বিষয়ে এক
প্রশ্নের জবাবে সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন
যে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাদের কাছে নতুন কোনো তথ্য নেই।
মক্কা চুক্তিতে এই মুহূর্তে অন্য কোনো দেশকে নেওয়া হচ্ছে না, জানালো পাকিস্তান
ছবির উৎস, Foreign Office Pakistan
ছবির ক্যাপশান, পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই মুহূর্তে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে অন্য কোনো দেশকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না এবং এ বিষয়ে কোনো আলোচনা-ও চলছে না।
বৃহস্পতিবার ইসলামাবাদে এক ব্রিফিংয়ে প্রশ্নের জবাব দিতে গিয়ে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার এ কথা বলেন।
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে অন্য দেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক, যারা বর্তমানে এই জোটের অংশ, তারা বিভিন্ন পর্যায়ে নিয়মিত বৈঠক ও পরামর্শ করছে এবং সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখেছে। তবে এই মুহূর্তে মক্কা চুক্তি সম্প্রসারণ বা নতুন দেশ অন্তর্ভুক্ত করার কোনো প্রস্তাব বিবেচনায় নেই।”
তিনি বলেন, সবার আগে এই তিন দেশকে মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় তাদের বিদ্যমান সহযোগিতা ও সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করতে হবে। এর ফলে ভবিষ্যতে একই ধরনের দৃষ্টিভঙ্গি ও প্রয়োজন রয়েছে এমন অন্যান্য দেশের জন্য এই জোটে যোগদানের পথ উন্মুক্ত হতে পারে।
তার মতে, এ বিষয়ে সিদ্ধান্ত পরে সংশ্লিষ্ট তিন দেশ পারস্পরিক পরামর্শের মাধ্যমে নেবে।
মুখপাত্র আরও বলেন, বর্তমানে এই বিষয়ে কোনো আলোচনা চলছে না। তাই এই পর্যায়ে নতুন দেশ অন্তর্ভুক্তির প্রশ্ন তোলাও সময়ের আগে হয়ে যায়।
এখন থেকে বাংলাদেশে সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার করা যাবে না, এ বিষয়ে নির্দেশ জারি করেছে সরকার।
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলন চলাকালে দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই জন সৈনিক নিহত এবং এক জন কর্মকর্তা গুরুতরভাবে আহত হয়েছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।
গ্যাস, বিদ্যুৎ সংকট ও ঋণখেলাপি ইস্যুতে বাংলাদেশের জাতীয় সংসদে বিএনপি সরকারের কড়া সমালোচনা করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। একই দিন বিরোধী দলের সার সংকট নিয়ে সরকারের কড়া সমালোচনা করেন।
বাংলাদেশে হাম ও হাম উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।
মার্কিন ও হুথি হামলার জেরে জুলাইয়ের পর আন্তর্জাতিক বাজারের প্রথমবারের মতো তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার বা ৭৪ পাউন্ড ছাড়িয়ে গেছে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় নেতা মেঘমল্লার বসুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে সেচ কাজে ডিজেলচালিত পানির পাম্পের পরিবর্তে কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পাম্প দেওয়া হবে।
ইয়েমেনে ইরান সমর্থিত হুথিরা জানিয়েছে, তাদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে সৌদি আরব ডজনেরও বেশি বিমান হামলা চালিয়েছে।
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরো তিনজনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৪৬৩ জন।
বিবিসি বাংলার লাইভ
বিবিসি
বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর
পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।