ফরিদপুরে রাস্তায় হাতি দিয়ে চাঁদা তোলার সময় হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত
ফরিদপুরের সদরপুর উপজেলার রাস্তায় হাতি নিয়ে বিভিন্ন যানবাহনের কাছ থেকে চাঁদা তুলছিল এক ব্যক্তি। চাঁদা এড়াতে গেলে হাতির শুড়ের সাথে ধাক্কা লাগে একটি ব্যাটারিচালিত অটোরিকশার।
পরে সেই অটোরিকশাটি উল্টে গেলে তার নিচে চাপা পড়ে ওই রিকশায় থাকা ১০ মাস বয়সী শিশু আরিশা জান্নাত। পরে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় ওই শিশুটি।
বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি মো. আবদুল আল মামুন শাহ।
শিশু আরিশা জান্নাতকে সদরপুর হাসপাতালে চিকিৎসক দেখানোর জন্য তার মা ব্যাটারিচালিত অটোরিকশায় যাচ্ছিলেন। পথেই এই দুর্ঘটনাটি ঘটে বলে জানায় পুলিশ।
মঙ্গলবার দুপুরের দিকে সদর উপজেলার আটরশি এলাকায় এই ঘটনাটি ঘটে। ওই শিশুটির বাড়ি ভাংগা উপজেলার আলগী ইউনিয়নে।
ঘটনার পরপরই স্থানীয়রা হাতির মাহুত বকুল মিয়াকে মারধর করে পুলিশে দেয়।
সদরপুর থানার ওসি মি. শাহ বিবিসি বাংলাকে জানান, এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তিনি জানান, ওই হাতিটিকে এলাকা থেকে সরিয়ে নিতে এরই মধ্যে বনবিভাগকে খবর দেওয়া হয়েছে। বনবিভাগের কর্মীরা পৌঁছানোর পর হাতিটিকে নিয়ে নিয়ে যাওয়া হবে।